গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি পূর্বের ন্যায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নিজ পদে বহাল থাকছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংশোধিত প্রজ্ঞাপনে পূর্বে জারি করা বদলির আদেশ বাতিল করে ডা. হাবিবুর রহমানকে তার বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন।
ডা. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে আসছেন। তার বদলির খবর প্রকাশের পর স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে বদলির আদেশ বাতিল হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, উপজেলার স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ও চলমান কার্যক্রমের স্বার্থে অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখা ইতিবাচক সিদ্ধান্ত। তারা আশা প্রকাশ করেন, ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে কাপাসিয়ার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই আদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।
গাজীপুরে মাদক কারবারির আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে ধর্ম নিয়ে কটূক্তি, আটক ১