ব্রাজিল-জাপান ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ লড়াই পরিচালনার জন্য রেফারিং প্যানেল চূড়ান্ত করেছে ফিফা। টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন ইতালিয়ান ম্যাচ অফিসিয়াল মাউরিজিও মারিয়ানি। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থকের নজর থাকবে এই ম্যাচে, আর সেই ম্যাচ পরিচালনার দায়িত্বই তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ইতালিয়ান রেফারির হাতে।

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে মারিয়ানির সঙ্গে থাকছেন আরও একঝাঁক ইউরোপীয় ম্যাচ অফিসিয়াল। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন আরেক সুইস কর্মকর্তা স্টিফেন ডি আলমেইদা। সব মিলিয়ে অভিজ্ঞ একটি রেফারিং দলই গঠন করেছে ফিফা।

চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মারিয়ানি। গ্রুপ পর্বে তিনি সফলভাবে পরিচালনা করেছেন সৌদি আরব–উরুগুয়ে এবং কলম্বিয়া–ডিআর কঙ্গো ম্যাচ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার রেফারিং ক্যারিয়ারের সঙ্গে বিতর্কও কম জড়িয়ে নেই।

ইতালিয়ান এই রেফারির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। সিরি আ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় একাধিক পেনাল্টি ও ভিএআর-সংশ্লিষ্ট সিদ্ধান্তের কারণে তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখা গেছে। কখনো তার সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে, আবার কখনো তা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালে সিরি আ'তে নাপোলি–ইন্টার ম্যাচে বিতর্কিত একটি পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর-এর সহায়তায় দেওয়া আরেকটি বিতর্কিত পেনাল্টিকে ঘিরে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি।

এরও আগে, ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের মধ্যকার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে য়্যুভেন্তাসকে দেওয়া একটি পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার মিলানের ফুটবলাররা ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন। সেই ঘটনাও সে সময় ইউরোপীয় ফুটবলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে বিতর্কের পাশাপাশি বড় বড় ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনার রেকর্ডও রয়েছে মারিয়ানির। গুরুত্বপূর্ণ অনেক ম্যাচে তার অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের সক্ষমতার প্রমাণ মিলেছে। সম্ভবত সেই অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর ভরসা রেখেই ব্রাজিল–জাপানের মতো নকআউট পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব আবারও তার কাঁধে তুলে দিয়েছে ফিফা।

AS
আরও পড়ুন