২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। আর এই ঐতিহাসিক জয়ের পরই ব্রাজিলকে উদ্দেশ্য করে হুংকার ছুড়েছেন নরওয়ের প্রধান কোচ স্তালে সোলবাকেন।
১৯৩৮ ও ১৯৯৮ সালের নকআউট পর্বের হতাশা পেছনে ফেলে বহু প্রতীক্ষিত এই জয় নিশ্চিত হতেই নরওয়ের ড্রেসিংরুমে শুরু হয় বাঁধভাঙা উদযাপন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘প্ল্যানেটা দো ফুতবল’-এর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে ড্রেসিংরুমে নরওয়েজিয়ান ভাষায় আবেগঘন বক্তব্য দিচ্ছিলেন সোলবাকেন। বক্তব্যের শেষ দিকে হঠাৎ ইংরেজিতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ্য করে তিনি বলে ওঠেন, “কার্লো আনচেলত্তি, আমরা আসছি!”
কোচের এই সাহসী ও রসিক মন্তব্যে ড্রেসিংরুমজুড়ে হাসি, করতালি আর উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড়রা।
দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও স্মরণীয় মুহূর্তটি ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এমন একটা দিন, যা আমরা কোনোদিন ভুলব না।”
তবে এই জয় সহজে আসেনি। ম্যাচের শুরুতে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্টই ছিল বেশি প্রভাবশালী। উইঙ্গার নিকোলাস পেপের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে নরওয়েকে রক্ষা করেন গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড।
ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ ফিরে পায় নরওয়ে। ৩৯ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে বল পেয়ে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন ২১ বছর বয়সী আন্তোনিও নুসা। এই গোলের মাধ্যমে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখান তিনি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। ৭৪ মিনিটে আমাদ দিয়ালো নিকোলাস পেপের সঙ্গে দারুণ ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের পর নরওয়ের রক্ষণভাগ ভেঙে ১-১ সমতা ফেরান।
তবে ম্যাচের শেষ হাসি হাসে নরওয়ে। ৮৬ মিনিটে অস্কার বব ও প্যাট্রিক বার্গের চমৎকার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে খুব কাছ থেকে বল জালে পাঠান আর্লিং হালান্ড। নাটকীয় এই জয়সূচক গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের ৬০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার
আইভরি কোস্টকে বিদায় করে এবার কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। অন্য ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সেলেসাওরা।
আগামী সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হবে স্তালে সোলবাকেনের শিষ্যরা। তবে ম্যাচের আগেই ব্রাজিলকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন নরওয়ে কোচ-“আমরা আসছি।”
রোনাল্ডো না মদ্রিচ, কার শেষ হাসি?
স্পেন শিবিরে স্বস্তির হাওয়া