শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। শেষ বত্রিশের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে কেপ ভার্দের কঠিন প্রতিরোধ ভেঙে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মিশর।

শনিবার সকালে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দেরয় দুয়ার্তে গোল করে কেপ ভার্দেকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু শেষদিকে সিডনি লোপেস কাবরাল গোল করে আবারও সমতা ফেরান। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন ১১১তম মিনিটে আত্মঘাতী গোলে ভাগ্য বদলে যায় কেপ ভার্দের। মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড বোর্জেসের হাতে লেগে জালে ঢুকে গেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ় পারফরম্যান্সে সেই ব্যবধান অক্ষুণ্ন রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, ডালাসে অনুষ্ঠিত শেষ বত্রিশের আরেক ম্যাচে মুখোমুখি হয় মিশর ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ইমাম আশুরের গোলে এগিয়ে যায় মিশর। দ্বিতীয়ার্ধে মোহামেদ হেনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় মিশর।

এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই, ২০২৬ (মঙ্গলবার) রাত ১০টায়।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিশর। দুটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

NM/SN
আরও পড়ুন