যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শনিবার (৪ জুলাই) ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য উদ্যাপন, যার কেন্দ্রবিন্দুতে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সমর্থিত এ আয়োজনকে তিনি আখ্যা দিয়েছেন ‘চোখধাঁধানো এক দর্শনীয় সমাবেশ’ হিসেবে।
অনুষ্ঠানে শত শত সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ফ্লাইপাস্ট, বিশাল আতশবাজির প্রদর্শনী এবং ট্রাম্পের দীর্ঘ ভাষণের আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের দাবি, এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ট্রাম্পের নতুন প্রেসিডেন্টীয় উড়োজাহাজও একাধিক ফ্লাইপাস্টের অংশ হবে।
তবে এই আয়োজন ঘিরে বিতর্কও কম নয়। সমালোচকদের অভিযোগ, জাতীয় উদ্যাপনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন ট্রাম্প। ঘোষণার পর কয়েকজন সংগীতশিল্পী অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বলেও জানা গেছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আয়োজকদের আশঙ্কা, প্রচণ্ড গরম, দেরিতে শুরু হওয়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় সম্ভাব্য বজ্রঝড় দর্শক উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
স্বাধীনতা দিবসের আগের দিন সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় এখন দেশীয় ‘উগ্রপন্থি’ ও ‘চরমপন্থিদের’ কারণে হুমকির মুখে। তিনি বলেন, দেশে আবারও ‘কমিউনিস্ট হুমকি’ এবং এমন কিছু নতুন মতাদর্শের উত্থান ঘটছে, যা আমেরিকার ঐতিহ্যবাহী মূল্যবোধের পরিপন্থী।
বিশ্লেষকদের মতে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেই এমন বক্তব্য তুলে ধরছেন ট্রাম্প।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘স্যালুট টু আমেরিকা ২৫০’ শীর্ষক অনুষ্ঠান। রাত প্রায় পৌনে ১০টায় ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি আগেই জানিয়েছেন, এবারের স্বাধীনতা দিবসে তিনি ‘অনেক দীর্ঘ’ ভাষণ দেবেন।
অনুষ্ঠান শেষে শুরু হবে প্রায় ৪০ মিনিটব্যাপী আতশবাজির প্রদর্শনী। আয়োজকদের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের ১০টি স্থান থেকে প্রায় ৮ লাখ ৫০ হাজার আতশবাজি নিক্ষেপ করা হবে, যা গিনেস বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।
তবে জাতীয় উদ্যাপন ঘিরে পরিবেশগত উদ্বেগও তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত নথি অনুযায়ী, এ বিশাল আতশবাজির কারণে রাজধানীতে বায়ুদূষণ অস্বাভাবিক মাত্রায় পৌঁছাতে পারে।
এদিকে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কের টাইমস স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রতিটি সময় অঞ্চলের মধ্যরাতকে প্রতীকীভাবে চিহ্নিত করতে আটবার বল নামানো হবে। একই রাতে শহরটিতে বিশেষ আতশবাজির আয়োজনও রয়েছে।
অন্যদিকে, স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে স্বাক্ষরিত হয়েছিল সেই ফিলাডেলফিয়াতেও কনসার্ট ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হবে ঐতিহাসিক এ মাইলফলক। সেখানে সংগীত পরিবেশন করবেন ক্রিস্টিনা আগুইলেরা ও মিক মিলসহ একাধিক শিল্পী। সূত্র: বিবিসি
ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকের সিদ্ধান্ত
ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৪৫
তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, ৩৭০০ জনের মৃত্যু