সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য রাখার সময় হঠাৎ করেই সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
আকস্মিক এই হামলায় সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অনেকেই ছোটাছুটি শুরু করেন। এতে কয়েকজন আহত হন।
ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সমাবেশ চলাকালে এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা দায়ীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান। হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এর অংশ হিসেবে রোববার (৫ জুলাই) সাভারে পদযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে দলটি।
নিরাপত্তা বিবেচনায় এবার গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি
দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ