টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রভাব এবার পড়েছে বাজারেও। ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির পাশাপাশি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় মাত্র এক সপ্তাহে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। তবে সবজি ও মুরগির বাজারে বড় ধরনের অস্থিরতা নেই, আর চালের দামে মিলেছে কিছুটা স্বস্তি।
বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০ টাকা। ব্যবসায়ীদের মতে, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে অধিকাংশ সবজির বাজার স্থিতিশীল রয়েছে। পটোল ৩০-৪০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, কাঁকরোল ও করলা ৭০ টাকা, আলু ২৫ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারেও দাম বেড়েছে। লাল ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিমের দাম ১১০ থেকে ১১৫ টাকা। তবে মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকা, ব্রয়লার ১৭০-১৮০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সেদ্ধ চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমে আটাশ চাল বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। মিনিকেট চালের দামও কমে হয়েছে ৭২-৭৪ টাকা। তবে পোলাওয়ের চালের দাম বেড়ে কেজিপ্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় উঠেছে।
এদিকে মাছের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। চাষের পাঙাশ ২২০ টাকা, কৈ ২০০ টাকা, শিং ৪০০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা এবং কাতলা ৪০০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির কারণে সাময়িক কিছু পণ্যের দামে চাপ তৈরি হলেও বেশিরভাগ নিত্যপণ্যের বাজার এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পরিচালক কে এম জাকারিয়া
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, তেল-মুরগির দাম ঊর্ধ্বমুখী