বিশ্ব জনসংখ্যা দিবস আজ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম

বিশ্ব জনসংখ্যা দিবস আজ। ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’- এই প্রতিপাদ্যে শনিবার (১১ জুলাই) যথাযোগ্য মর্যাদায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি।

জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্ববাসীর জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়েছিল।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তাঁরা দেশের জনসংখ্যাকে সুপরিকল্পিতভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দিবসটির কর্মসূচি হিসেবে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা এবং এ সংক্রান্ত সচেতনতা বাড়াতে দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ কর্মসূচি সম্প্রচার করছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলো দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয়ে এবার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

SN
আরও পড়ুন