পরীমণির বিয়ে ঠেকাতে পারলো না হ্যারি কেইন!

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

দেশের ফুটবলপ্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা। এরই মধ্যে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমী ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন। আর্জেন্টিনার কট্টর সমর্থক এই অভিনেত্রী জানিয়েছেন, তার প্রিয় দল শিরোপা জিতলে তিনি আবারও বিয়ে করবেন।

বুধবার (১৫ জুলাই) রাতে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, "আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।" স্ট্যাটাসের শেষে তিনি কয়েকটি ইমোজিও যুক্ত করেন।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে পোস্টটির মন্তব্যের অপশন বন্ধ রেখেছিলেন তিনি।

আর্জেন্টিনার জয়ের পর হ্যারি কেইনকে ম্যানশন দিয়ে আরেক পোস্টে পরীমণি লেখেন ' "Harry Kane" পারলে না তুমি আমার বিয়ে টা ঠেকাতে!' স্ট্যাটাসের শেষে তিনি কয়েকটি কান্নার ইমোজিও জুড়ে দেন।

চলতি টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা বিভিন্ন পোস্টে জানিয়ে আসছেন পরীমণি। দলের প্রতিটি সাফল্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করেছেন এবং ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে আকাশি-সাদা আর্জেন্টিনা জার্সিতে দেখা যায় এই অভিনেত্রীকে। জার্সির সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিয়ে তৈরি একটি গান।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

বর্তমানে সন্তানদের লালন-পালনের পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন পরীমণি। এমন সময়ে ফুটবলকে কেন্দ্র করে দেওয়া তার এই রসিকতাপূর্ণ ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা ও বিনোদনের খোরাক জুগিয়েছে।

AM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত