দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর ঐক্য, পারস্পরিক সমন্বয় ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় কওমি ধারার সাতটি ইসলামি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া এ বৈঠক দুপুর পর্যন্ত চলে। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব মুফতি সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়।
হেফাজতের আমন্ত্রণপত্রে বলা হয়, ইমান-আকিদা সংরক্ষণ, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা এবং ইসলামি শক্তির ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি নিয়ে অংশ নিতে আহ্বান জানানো হয়।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী দিনের রাজনৈতিক সমীকরণ, নির্বাচনকেন্দ্রিক কৌশল, ইসলামপন্থী দলগুলোর অভিন্ন অবস্থান এবং জোটগত রাজনীতি বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়।
একই সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কয়েকটি কওমি ঘরানার দলকে সেই জোট থেকে বেরিয়ে এসে বৃহত্তর ইসলামি ঐক্যে সম্পৃক্ত হওয়ার বিষয়ে হেফাজতের পক্ষ থেকে মতামত ও চাপের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরু থেকেই জামায়াতের নেতৃত্বাধীন জোটে হেফাজতের সঙ্গে সম্পৃক্ত কয়েকটি দলের অংশগ্রহণ নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা চলছিল।
এর আগে বাবুনগরে হেফাজতের আমিরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বৈঠকেও জোটের বিষয়টি আলোচনায় আসে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
বৈঠকে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
তবে জামায়াত জোট ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত বৈঠক থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত ঘোষণা দেওয়া হয়নি।
গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন
শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রতিমন্ত্রী টুকু
মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যা
চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক