বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠাকে ঘিরে রেফারিং ও বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর তিনি বলেন, আর্জেন্টিনা কোনো ধরনের বাড়তি সুবিধার কারণে নয়, বরং নিজেদের সামর্থ্য, ধারাবাহিকতা ও পারফরম্যান্সের জোরেই টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিভিন্ন ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনের একটি অংশে রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা যায়। ২০২২ কাতার বিশ্বকাপের সময় শুরু হওয়া সেই বিতর্ক এবারের আসরেও নতুন করে সামনে আসে। তবে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এসব অভিযোগের জবাব দেন মেসি।
মেসি বলেন, "এই কথাগুলো খুব কষ্ট দেয়। কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। আমাদের দল নিজেদের সামর্থ্য দিয়েই এখানে এসেছে। কিছু বলার আগে সবার একটু ভাবা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।"
তিনি আরও বলেন, দলের সাম্প্রতিক সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন।
ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে মেসি বলেন, "যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না।"
চলতি আসরে একাধিক কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতাই দলকে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছে বলে মনে করেন অধিনায়ক।
সেমিফাইনালের জয়টি প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতি উৎসর্গ করেন মেসি। তিনি বলেন, "আমি নিশ্চিত, দিয়েগো ওপরে বসে হাসছেন। এই দিনটা তার কাছেও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় আমরা তার উদ্দেশেই উৎসর্গ করছি।"
ফাইনালে এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালেই নির্ধারিত হবে, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারে কি না, নাকি স্পেনই নতুন চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়বে।
কেন ফাইনালে মেসিদের খেলা দেখতে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বাঁশি ইরানি বংশোদ্ভুত ফাগানির হাতে
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কারও আগ্রহ নেই: থমাস টুখেল