সমঝোতা লঙ্ঘনের অভিযোগ ইরানের

মার্কিন বাহিনীকে মোজতবা খামেনির কড়া হুঁশিয়ারি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম

মার্কিন বিমান হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের (প্রতিরোধ ফ্রন্ট) হাতে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ পেতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। 

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর’। বিবৃতিতে তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ‘মহা শয়তান’ কর্তৃক বারবার চুক্তিভঙ্গ প্রমাণ করে যে চাপ, আধিপত্যবাদ ও বর্বরতাই আমেরিকান আদর্শের অবিচ্ছেদ্য অংশ। আমেরিকা যুদ্ধ উসকে দিয়ে আরও বড় মূল্য ও অপমানের শিকার হতে চাইছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সেতু, রেললাইন ও পানি পরিশোধনকেন্দ্রসহ ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে। এর জবাবে তেহরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফলভাবে পাল্টা হামলা চালিয়েছে, যার প্রভাবে কুয়েত কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।

ইসলামাবাদ চুক্তির পরও ইরানে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন হামলায় ইরানের মিনাবের একটি স্কুলও ধ্বংস হয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যু হয়। এছাড়া ইরানের পরমাণু প্রকল্পকেও লক্ষ্যবস্তু করেছে মার্কিন বাহিনী।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা হ্রাসে তারা টানা আট দিন ধরে অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। হামলার পর এক তাৎক্ষণিক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রার যুদ্ধে নামবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই সুরক্ষিত থাকবে না।’ সূত্র: আল জাজিরা

SN
আরও পড়ুন