স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে ফোয়ারা ধসে শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

বিশ্বকাপ জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে স্পেনে। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা উদযাপনের সময় একটি ফোয়ারার অংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে আরেক কিশোরের অবস্থা গুরুতর।

সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার কিছু পর পশ্চিম স্পেনের সালামাঙ্কা প্রদেশের মধ্যযুগীয় শহর সিউদাদ রদ্রিগোতে এ দুর্ঘটনা ঘটে। পর্তুগাল সীমান্তবর্তী প্রায় ১২ হাজার জনসংখ্যার এই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘আরবোল গোরদো’ ফোয়ারার চারপাশে শত শত মানুষ বিশ্বকাপ জয়ের উল্লাসে জড়ো হয়েছিলেন।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদযাপনের একপর্যায়ে ফোয়ারার উপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। নিহত কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত একজন কিশোরের পা ভেঙে গেছে এবং তার অবস্থা গুরুতর।

সিউদাদ রদ্রিগো সিটি কাউন্সিল এক বিবৃতিতে নিহত কিশোরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পুরো শহর এই শোকে স্তব্ধ। যে মুহূর্তটি স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের কথা ছিল, সেটিই এখন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদযাপনের সময় অনেক মানুষ ফোয়ারার ওপর উঠে পড়ায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং সেখান থেকেই কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে।

এর কয়েক ঘণ্টা আগেই নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। দেশের বিভিন্ন শহরে রাতভর চলে বিজয় উৎসব, আর সেই আনন্দের মধ্যেই সিউদাদ রদ্রিগোতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন