দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, যা সিটি করপোরেশনের বাইরের এলাকা। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং রাজশাহী বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৯ জন। এ ছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০
অবহেলা বা দুর্নীতিতে সরাসরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর