মতপার্থক্য থাকতে পারে, বিভেদের কোনো জায়গা নেই: প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে শরিকদের মধ্যে বিভেদের কোনো জায়গা নেই।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠক প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকলেও সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করেছেন। সেই ঐক্য ভবিষ্যতেও বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা একসঙ্গে আছি, আমরা একসঙ্গে ছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও একসঙ্গে থাকব। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় যারা এখন নানা দাবি করছেন, তাদের অনেককে রাজপথে দেখা যায়নি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, ‘গুপ্ত’ পরিচয়ে পরিচিত সেই ব্যক্তিদের আন্দোলনের সময় খুঁজেও পাওয়া যায়নি।

সরকার গঠনের পর প্রায় পাঁচ মাস মিত্র দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যস্ততার কারণে এতদিন বৈঠক করা সম্ভব হয়নি, তবে শরিকদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে শরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ‘দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমাদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ প্রত্যাশা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে। আগে সেই দায়িত্ব পালন করি, তারপর নিজেদের কথা ভাবব।’

বৈঠকে বিএনপির নেতাদের পাশাপাশি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলুসহ বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

AS
আরও পড়ুন