পিরোজপুরে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
সোমবার (২০ জুলাই ২০২৬) বিকালে পিরোজপুর শহরে এনসিপির পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে জনগণকে তারা বলেছিলেন, ‘আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব।’ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছেন তারা।
তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো চাপ বা ভয়কে তোয়াক্কা না করে কথা বলেছেন। মিডিয়া মাফিয়া, ভূমি দখলকারী, ব্যাংক লুটকারী ও ভোট কারচুপিকারীদের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, অতীতে দেশের সম্পদ লুটের ঘটনা ঘটেছে। কেউ ব্যাংক খাতে, আবার কেউ বিদ্যুৎ খাতে অনিয়ম করেছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না।
এর আগে সোমবার বিকালে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী শামীম হামিদী বক্তব্য দেন।
পথসভা শেষে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভা মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সাতক্ষীরায় ৬ পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম
উলিপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ
ফরিদপুরে সাবেক এমপির বাড়িতে চুরি, তিন চোর আটক