৩ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম

বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী একযোগে তিনটি হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর ‘ভারী আঘাত’ হেনেছে।

বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-সাখির বিমানবন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত শেডে হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।

এ ছাড়া বাহরাইনের সালমান বন্দরে মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স ৫৯-এর জাহাজ প্রস্তুতি শেডেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। ওই হামলায় স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

একই সঙ্গে কুয়েতের আরিফজান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন মেরিন স্পেশাল ফোর্সের শেডে আগুন লাগিয়ে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করা হয়। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের হাতে খুব অল্পসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবশিষ্ট রয়েছে।

এর জবাবে আইআরজিসি বলেছে, ট্রাম্পের এমন বক্তব্য তার ‘অজ্ঞতা ও নির্বুদ্ধিতার’ পরিচয় বহন করে। বাহিনীটির দাবি, যুদ্ধ যদি আরও কয়েক বছরও চলতে থাকে, তাহলে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইরানের হাতে রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন