বিনা রসিদে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে টিকিট চেকার (টিটি) কর্তৃক মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার বিচার ও ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন রেলপথ অবরুদ্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সাথে গোটা দেশের ট্রেন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফরহাদ হোসেন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। চলন্ত ট্রেনে টিটি কর্তৃক বেআইনিভাবে রসিদ ছাড়া টাকা আদায়ের বিরুদ্ধে সরব হওয়ায় তাকে লাঞ্ছিত ও প্রহার করা হয়। এর প্রতিবাদেই চার দফা দাবি নিয়ে রেললাইনে অবস্থান নিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়া হবে না।
ঘটনাস্থলে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, টিটির হাতে আমাদের এক ছাত্র নিগৃহীত হওয়ার খবর আমরা পেয়েছি। এর জের ধরে শিক্ষার্থীরা রেলপথে অবস্থান নিয়েছে। আমরা ইতোমধ্যে রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। শিক্ষার্থীদের সাথে কথা বলে দ্রুতই একটি সুরাহার চেষ্টা চলছে।
অন্যদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান জানান, অবরোধের কারণে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া চলমান রয়েছে।
'শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব পাটের ব্যাগ দিচ্ছে সরকার'
পাশের বাড়ির আলমারিতে নিখোঁজ শিশুর লাশ