ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের ১০ম দিনেও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার পাকিস্তানে বৈঠক শুরু করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি।
পাকিস্তান সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। তবে যুদ্ধ বন্ধে নতুন কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলা চালায় ইরান। হামলার পর জাহাজটির নাবিকরা সেটি ছেড়ে যেতে বাধ্য হন। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের টানা ১০ রাতের বিমান হামলার পরও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ শিথিল করেনি তেহরান। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করত।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে অন্তর্বর্তী চুক্তি হয়েছিল, তা এখন ভেঙে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে গেছে। সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষই লাখো মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন সতর্কবার্তায় জানিয়েছে, ইরান ও ইরানপন্থী গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ কিংবা যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে।
সংঘাতের প্রভাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে নিয়মিত পেট্রোলের গড় দামও বেড়ে প্রায় ৪ ডলারে উঠেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন নাগরিকদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতিবার ইরান কোনো মার্কিন সেনাকে হত্যা করলে, সেই হত্যার জন্য তাদের অনেক গুণ বেশি মূল্য দিতে হবে।”
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন। বৈঠকটি বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হয়। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসের অন্তর্বর্তী সমঝোতা তৈরিতে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং সেনাপ্রধান আসিম মুনির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসলামাবাদ এখন জুন মাসের সমঝোতা স্মারকের আওতায় বাকি থাকা বিষয়গুলো নিয়ে দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে।
তবে মোমেনির বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এমন সময় তার এই সফর হচ্ছে, যখন তেহরান যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধেও হামলা চালিয়ে যাচ্ছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে তিনি বলেন, “এটি বাস্তব হতে হবে।” ট্রাম্প যে ধরনের সমঝোতাকে গ্রহণযোগ্য মনে করবেন, তেহরান তেমন কোনো প্রস্তাব দেবে কি না, তা এখনো অনিশ্চিত।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানিয়েছে, তারা ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের ওপর হামলার জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফার্স, হরমোজগান, ইলাম, কেরমান এবং সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সাম্প্রতিক সহিংসতার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, রোববার মাত্র তিনটি জাহাজ এই নৌপথ অতিক্রম করেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, মঙ্গলবার ওমানের কাছাকাছি প্রণালিতে একটি ট্যাংকার হামলার শিকার হয়। হামলার পর জাহাজটির নাবিকরা সেটি ছেড়ে যেতে বাধ্য হন।
ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড ওই হামলার দায় স্বীকার করেছে। সোমবার জলপথটিতে আরও দুটি জাহাজে হামলার দায়ও তারা নিয়েছে।
ওমান ঘুরে বিকল্প পথে চলাচলের জন্য যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে উৎসাহিত করেছিল। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, এর আগের দিনও একটি অজ্ঞাত হামলার ঘটনা ঘটেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন মিত্র দেশেও হামলা চালিয়েছে ইরান। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইরান পাঁচটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটিতে হামলা চালায়, তবে সবগুলোই ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর থাকা বাহরাইনে মঙ্গলবার বিকেলে ক্ষেপণাস্ত্র সতর্কসংকেত বাজানো হয়। দেশটিকে লক্ষ্য করে ইরানের আরেক দফা হামলার পর এই সতর্কতা জারি করা হয়।
হুথি হুমকিতে সৌদি আরব নিয়ে জাতিসংঘের উদ্বেগ
শিক্ষার্থীদের পাশে রাহুল, মোদির বাসভবনে সামনে বিক্ষোভ
স্বাভাবিক জীবনে ফিরতে চাই গাজাবাসী, রাজনীতি পরে
প্রতিবাদে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯
ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে রুশ হামলা, ৪ ভারতীয় নিহত