লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। ফলে জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কায় না গিয়ে দেশে ফিরছেন তিনি।
প্রথমে এলপিএলে অংশ নেওয়ার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে টি-টোয়েন্টি দলে রেখে দেয়। পরিকল্পনা ছিল, সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলবেন।
কিন্তু সামনে অস্ট্রেলিয়া সফর থাকায় নিজের পরিকল্পনায় পরিবর্তন আনেন তাসকিন। জানা গেছে, লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই তিনি এলপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে মনোযোগ দেবেন এই ডানহাতি পেসার।
আগামী সপ্তাহের শুরুতেই অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হওয়ায় এর গুরুত্বও অনেক বেশি।
ফুটবল শিল্প ধ্বংস করছেন ইনফান্তিনো
কষ্টটা অনেক বেশি, ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি