মহিলা কলেজে শিক্ষকতার দায়ে জামায়াত নেতার পদ স্থগিত

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:২৪ এএম

কেন্দ্রীয় সাংগঠনিক নীতি ভঙ্গের কারণে পদ হারিয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়া। নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকায় তার রুকন বা দলীয় সদস্যপদ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

জেলা জামায়াতের আমির আবদুল করিম সভায় উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেন এবং জাকির হোসেনকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেন।

জেলা আমির জানান, জামায়াতের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী কোনো সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করলে তার পদ স্থগিত রাখা হয়। সেই ধারাবাহিকতায় গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেন উপজেলার সার্বিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল থাকে।

দলীয় সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া ২০০৩ সাল থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি চলতি মেয়াদে ফুলপুর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন। এর আগেও তিনি দুবার সফলভাবে এই দায়িত্ব সামলেছেন।

পদ হারানোর পর প্রতিক্রিয়া ব্যক্ত করে গোলাম কিবরিয়া বলেন, ‘এটি সম্পূর্ণই দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয়। এতে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, যা কোনো সংবাদমাধ্যমে আসার মতো ঘটনা নয়।’

উল্লেখ্য, নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির একই নীতিমালার কারণে সম্প্রতি কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

HN
আরও পড়ুন