প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে সালমান খান

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা এবং এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিষয়। তাই এ আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। তার মতে, এই আন্দোলনের পুরো কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।

শিক্ষার্থীদের ‘সাহসী’ বলে অভিহিত করে সালমান আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন, যা বিদেশি শিক্ষার্থীদেরও ভারতে পড়তে আগ্রহী করে তুলবে।

দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে চলা এ আন্দোলনের প্রতি ইতোমধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকাও সংহতি জানিয়েছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থান নেন।

AM/YA
আরও পড়ুন