বন্যার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে আগের ঘোষিত রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত নির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং বন্যার কারণে সড়ক যোগাযোগে সৃষ্ট সমস্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।
এ স্থগিতাদেশের আওতায় ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ জুলাই থেকে যথারীতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন নিয়ে যা জানা গেলো
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজে যোগ দিলেন নতুন তিন সদস্য
এসএসসির ফল পেছাচ্ছে, এইচএসসির পুনঃপরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে