শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নতুন নৌবাহিনী প্রধান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান এবং ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে পৌঁছালে সুসজ্জিত নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান।

এরপর নৌবাহিনী প্রধান নৌ সদর দপ্তরের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজিম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে তিনি দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণের পাশাপাশি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশনস ও পরিচালক নৌ পরিকল্পনা হিসেবেও কাজ করেছেন তিনি। বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

আন্তর্জাতিক পরিসরেও তার কর্মজীবন সমৃদ্ধ। তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দীর্ঘ সামরিক জীবনে পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

Attr/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত