বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
 
‎বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার বারান্দায় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত মনিরুজ্জামান দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলীর ছেলে এবং মাভাবিপ্রবির আইসিটি বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.  মনির মোর্শেদ  , বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।
‎শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
‎এদিকে মনিরুজ্জামানের মর্মান্তিক মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
‎এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
‎তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক বহন করার ধৈর্য ও শক্তি দান করেন।
MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত