ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল : যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সাথে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি বাতিল হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, রিয়াদকে অবশ্যই ‘আব্রাহাম আকর্ডসে’ যুক্ত হতে হবে, অন্যথায় পরমাণু সংক্রান্ত এই চুক্তি কার্যকর করা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, সৌদির সাথে এই পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক কাজের জন্যই নির্ধারিত। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আঞ্চলিক এই শান্তি চুক্তিতে সৌদি আরব অংশ না নিলে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এটিকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মার্কিন প্রযুক্তি ব্যবহারে পরমাণু চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল দুই দেশ। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর শর্তের কারণে দীর্ঘ প্রতীক্ষিত কূটনৈতিক সমঝোতাটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ল।

উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুস্পষ্ট নিশ্চয়তা ও রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু থেকেই অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব।

তবে ওয়াশিংটনের এমন আকস্মিক শর্ত আরোপের পর রিয়াদ বা ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

তথ্যসূত্র (Source): রয়টার্স (Reuters)

HN
আরও পড়ুন