ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের আবেদন প্রত্যাখান

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগের তদন্ত আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। অলিম্পিক সনদ অনুযায়ী আইওসির এই ধরনের তদন্ত করার মতো প্রশাসনিক এখতিয়ার নেই উল্লেখ করে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ২০২৬ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। এই ঘটনায় ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থনের মাধ্যমে ফিফা সভাপতি অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন- এমন দাবি তুলে মানবাধিকারভিত্তিক সংস্থা 'ফেয়ারস্কয়ার' আইওসির কাছে ইনফান্তিনোর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের আবেদন করে। উল্লেখ্য, ইনফান্তিনো ২০২০ সাল থেকে আইওসির একজন সদস্য।

তবে আবেদনটি প্রত্যাখান করে আইওসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি মূলত ফিফার নিজস্ব শাসনব্যবস্থা, বিভিন্ন সরকারের সাথে সম্পর্ক ও ফুটবলের আইন বাস্তবায়নের সাথে সম্পর্কিত। ফলে আইওসির নৈতিকতা বিধির অধীনে অন্য একটি স্বতন্ত্র ক্রীড়া সংস্থা বা তার সভাপতির বিরুদ্ধে তদন্ত করার সুযোগ তাদের নেই।

এদিকে ফিফার এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থামেনি। নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ফিফার নিজস্ব নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি বিবেচনা করছে।

SN
আরও পড়ুন