পদত্যাগের পরের দিনই স্বপরিবারে বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের এক দিন পর স্বপরিবারে বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বেলা ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান।

সাবেক রাষ্ট্রপতির গাড়িবহরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮টি গাড়ি ছিল। তাঁকে বিদায় জানাতে দুপুর থেকেই বঙ্গভবনের সামনে ভিড় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও উৎসুক মানুষ। একই সময়ে বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে তাঁর বাসায় প্রস্তুতিও চলছে। গতকাল শনিবার বাড়িটির নিচতলার বসার জায়গা নতুন করে রং করতে দেখা যায়। পাশাপাশি আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।

সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাসভবনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। রোববার সকাল থেকেই পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এদিকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি বঙ্গভবনে অবস্থান না করে জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।

এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষর করা পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন তিনি।

অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়ায় তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বঙ্গভবন ছাড়তে হলো তাঁকে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত