সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে কাসিকাপোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে নিহতদের পরিচয় জানা এখনো জানা যায়নি।'

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রীর মৃত্যু হয়।

গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে।

পুলিশ জানিয়েছে, নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী। দুর্ঘটনায় আহত আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Maz
আরও পড়ুন