সন্দ্বীপে চরে আটকা পড়া বিরল কচ্ছপ ফিরলো সাগরে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপের নতুন চরে আটকে পড়া বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, কচ্ছপটি সংকটাপন্ন ‘অলিভ রিডলি’ প্রজাতির, যা বিশ্বব্যাপী সংকটাপন্ন প্রাণী হিসেবে পরিচিত।

শনিবার (৯ আগস্ট) সকালে সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন মগধরা ইউনিয়নের নতুন চরে কচ্ছপটি আটকে পড়ে। পরে বন বিভাগের উদ্যোগে সেটিকে উদ্ধার করা হয় এবং সন্ধ্যায় সন্দ্বীপ চ্যানেলের সাগরে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে মগধরা ইউনিয়নের বাসিন্দা রাখাল মিজান প্রতিদিনের মতো গরুর পাল নিয়ে নতুন চরে যান। সেখানে তিনি বড় আকৃতির কচ্ছপটিকে ডাঙায় পড়ে থাকতে দেখেন।

দীর্ঘ সময় পানির বাইরে থাকলে কচ্ছপটি মারা যেতে পারে এমন আশঙ্কায় তিনি দ্রুত সেটিকে উদ্ধার করেন। পরে কাছের কেওড়া বনের ভেতর পানিভর্তি একটি গর্তে কচ্ছপটিকে রাখা হয়।

এরপর স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান কচ্ছপটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি বন বিভাগের নজরে আসে। পরে বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সন্ধ্যায় কচ্ছপটিকে সন্দ্বীপ চ্যানেলে অবমুক্ত করা হয়।

সন্দ্বীপ রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই কচ্ছপটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পরে সেটিকে নিরাপদে সন্দ্বীপ চ্যানেলে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না জানান, এটি বিশ্বের বিরল ও সংকটাপন্ন প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ। বাংলাদেশে সাধারণত সাগর ও উপকূলীয় অঞ্চলে এ প্রজাতির কচ্ছপ দেখা যায়।

AM
আরও পড়ুন