হরমুজ যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে: ট্রাম্প

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে প্রণালিটি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণসহ কয়েকটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান।

মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি দাবি করেন, ইরানের হাতে এখন আর প্রণালিটির নিয়ন্ত্রণ নেই এবং যুক্তরাষ্ট্রই এটি নিয়ন্ত্রণ করছে।

ইরান যদি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

অন্যদিকে, তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় আগের অবস্থায় ফিরবে না। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের অবরোধ বন্ধ করা।

ইরানের নিরাপত্তা কর্মকর্তারা এর আগে স্পষ্ট করেছেন, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজে চলাচলের ওপর বিধিনিষেধ বহাল থাকবে। ফলে কৌশলগত এই জলপথ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থানে অচলাবস্থা আরও গভীর হয়েছে।

এদিকে হরমুজ পরিস্থিতি ঘিরে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের একটি বন্দরের দিকে যাওয়া পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজকে থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে এই অচলাবস্থা দীর্ঘ হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের বাণিজ্যে আরও বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন