মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করতে রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ-এর একটি অংশ উদ্ধৃত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তাঁর দাবি, ইরান ও বৃহত্তর অঞ্চলের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে মিথ্যার ওপর অতিরিক্ত নির্ভরতা ওয়াশিংটনকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই দস্তয়েভস্কির উদ্ধৃতিটি তুলে ধরেন। তিনি বলেন, ইরান ও অঞ্চল নিয়ে মার্কিন শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতি যে পরিস্থিতিতে পড়েছে, দস্তয়েভস্কির ওই বক্তব্য তা যথাযথভাবে তুলে ধরে।
বাঘাই লেখেন, মার্কিন নীতিতে ‘মিথ্যার’ ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর তিনি দস্তয়েভস্কির বক্তব্য উদ্ধৃত করে বলেন, যে ব্যক্তি নিজেকে মিথ্যা বলে এবং নিজের সেই মিথ্যাই বিশ্বাস করতে থাকে, একপর্যায়ে সে নিজের ভেতরে ও চারপাশে সত্যকে মিথ্যা থেকে আলাদা করার ক্ষমতা হারিয়ে ফেলে।
ইরানি মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন। অন্যদিকে ইরান বলছে, তাদের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের নিরাপদে হরমুজ অতিক্রমের সুযোগ নেই।
বাঘাইর বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের ইরাননীতি ও যুদ্ধসংক্রান্ত বয়ানকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি তেহরানের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানেরও প্রতিফলন, যেখানে ইরান ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক দাবিকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে তুলে ধরছে। সূত্র: ডন
বিশ্বসেরা সামরিক বাহিনীকে নতজানু করেছে ইরান: ভাহিদি
'ইরানকে কাবু করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব'
ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: আহমাদ খাতামি