লক্ষ্মীছড়ির ধুরুং নদী থেকে অবৈধ পাহাড়িকাঠ ও বাঁশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন মানিকপুর-বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের সদস্যদের অভিযানে ধুরুং নদী থেকে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সেনা বাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্র জানায়, বাইন্যাছোলা আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং নদীর একটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের ২৫০টি গোলগাছ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, ধুরুং নদী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির গাছ অবৈধভাবে কেটে নদীপথে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে নদীতে পড়ে থাকা অবস্থায় কাঠ ও বাঁশের বড় একটি চালান দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। এসব কাঠ ও বাঁশ কোথা থেকে কেটে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

লক্ষ্মীছড়ি সেনা ক্যাম্পের তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে  তদন্ত চলছে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও অবৈধ কাঠ ও বাঁশ পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

MCH
আরও পড়ুন