ইরানের পরমাণু স্থাপনা পুনর্গঠনের কোনো প্রমাণ নেই: গ্রোসি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তার পরমাণু স্থাপনাগুলো পুনর্গঠন করছে, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে হামলায় স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা যুদ্ধের কারণে স্থবির হয়ে আছে। একই সঙ্গে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় যেখানে ছিল, সেখানেই রয়েছে বলে জানান তিনি।

গ্রোসির ভাষ্য, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হয়ে থাকতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ বিষয়ে এখনো কোনো দৃঢ় বা নির্ভরযোগ্য প্রমাণ নেই।

তিনি বলেন, বিষয়টি এখনো বড় ধরনের অমীমাংসিত ইস্যু হয়ে রয়েছে। যত দ্রুত সম্ভব ইরানে গিয়ে আবার কাজ শুরু করতে আইএইএ প্রস্তুত বলেও জানান সংস্থাটির প্রধান।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে গ্রোসির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। যুদ্ধের পর দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইএইএর সরাসরি পরিদর্শন পুনরায় শুরু হওয়াকে এ পরিস্থিতি পরিষ্কার করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন