গাজীপুরের কালিয়াকৈরে একটি খামারে অভিযান চালিয়ে দিনাজপুর থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই চোর চক্রের সদস্য সুমন শেখ পালিয়ে যায়।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালমা আক্তার (৩০), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রুবিনা বেগম (২৫) এবং তার বাবা মজিবুর রহমান (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দিনাজপুর থেকে চুরি হওয়া পাঁচটি গরু কালিয়াকৈরের মজিদচালা এলাকায় একটি খামারে এনে রাখা হয়। সুমন শেখ নামে চোর চক্রের এক সদস্য এসব গরু সেখানে রাখার ব্যবস্থা করেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
স্থানীয়দের দাবি, মোখলেছুর রহমানের মালিকানাধীন খামারটি ভাড়া নিয়ে সেখানে গরু পালন করা হতো। এর আড়ালে বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই হওয়া গরু এনে রাখা এবং পরে বিক্রির কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খামারটিতে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা পাঁচটি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযান শুরুর আগেই সুমন শেখ সেখান থেকে সরে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গরুগুলো বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে গরু চুরি ও বেচাকেনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।