জামালপুরে বাসের ধাক্কায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা চারজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও দুটি মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসটি সরানোর কাজ চলছে। বাসের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমসিএইচ
আরও পড়ুন