রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় হাসপাতালকর্মীদের প্রশিক্ষণ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

বাংলাদেশে রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়াতে ‘কেমিক্যাল ইনসিডেন্ট প্রিপেয়ার্ডনেস ফর হসপিটালস (HOSPREP)’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার ব্যবস্থাপনায় ৩০ ও ৩১ আগস্ট এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রাসায়নিক শিল্পাঞ্চলের কাছাকাছি অবস্থিত সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা বাড়ানোই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ৭৬ জন প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে রাসায়নিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, আক্রান্ত ব্যক্তিদের রাসায়নিক দূষণমুক্ত করার পদ্ধতি এবং ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা যাতে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে রাসায়নিক পদার্থের মাধ্যমে দ্বিতীয়বার দূষিত না হন, সে বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা ও করণীয় নিয়েও গুরুত্ব দেওয়া হয়।

এমসিএইচ
আরও পড়ুন