মুলাদীতে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম

বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর (রানার বাড়ি) এলাকার বাবুল রাড়ীর ছেলে পারভেজ রাড়ী (৩৩) এবং ৪ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার এলাকার শহীদ খানের ছেলে আজিজুল হাকিম (২৪)।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সার্কেল ‘ক’-এর পরিদর্শক মো. জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সিনেমা হল মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় পারভেজ ও আজিজুলকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন