নেতানিয়াহুর সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক নীতি এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

নিউ ইয়র্ক টাইমসের একটি বিশেষ প্রতিবেদন নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি ইসরায়েলকে দেওয়া আমেরিকার আর্থিক সহায়তা পুরোপুরি বন্ধের আহ্বান জানান।

প্রতিবেদনটিতে অবসরপ্রাপ্ত একাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তার বিস্ফোরক সাক্ষাত্কার তুলে ধরা হয়, যেখানে তাঁরা নিজেরাই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিজ দেশের দখলদারদের তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বার্নি স্যান্ডার্স সেনানিদের সেই মন্তব্য উদ্ধৃত করে লেখেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসের বিরুদ্ধে সাবেক ইসরায়েলি জেনারেলরাই সরব হয়েছেন, তাঁদের কথা শুনুন।

প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ আগমোন সতর্ক করে বলেন, কোনো সমাজ যখন এভাবে আচরণ করতে শুরু করে, তখন বুঝতে হবে সেই সমাজের পতন অবশ্যম্ভাবী।

এছাড়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এফ্রাইম স্নেহ সোজা কথায় জানান, এটি স্পষ্টতই একটি জাতিগত নিধন।

ইসরায়েলি সেনাপতিদের এমন বক্তব্য শেয়ার করে মার্কিন রাজনীতিতে ইসরায়েলকে ঢালাও সমর্থনের কঠোর বিরোধিতা করেন স্যান্ডার্স। তিনি জোর দিয়ে বলেন, নেতানিয়াহুর উগ্রপন্থি সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর একটি পয়সাও দেওয়া উচিত নয়।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন