গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)।
স্থানীয়রা জানান, সকালে মহাসড়কে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দুই মোটরসাইকেল আরোহীকে সড়কের দুই পাশে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং স্বজনদের খবর দেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাদের বগুড়ায় পাঠান। পরে পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সুন্দরবনে ৪ বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
কাপাসিয়ায় শিশু শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, নারী আটক