উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল মাদক কারবারি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে দুই লাখ পিস ইয়াবা বহনকারী সিএনজি ফেলে চালকসহ দুই ব্যক্তি পালিয়ে গেছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে মহাসড়কসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সিএনজিতে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে থাইংখালী বাজারসংলগ্ন একটি তেলপাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে পালংখালী বাজারের দিক থেকে একটি সিএনজি দ্রুতগতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক সংকেত অমান্য করে উখিয়ার দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ পিকআপ নিয়ে সিএনজিটিকে ধাওয়া করে।

একপর্যায়ে মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে সিএনজিতে থাকা চালকসহ দুই ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে পুলিশ। সেখান থেকে ২০টি কার্ডে থাকা মোট ১ হাজার বায়ুরোধক জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ২০০টি করে ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২ লাখ পিস ইয়াবা।

ওসি আতিকুর রহমান জানান, জিপার পলিপ্যাক ও রাবার বাদ দিয়ে উদ্ধার করা ইয়াবার ওজন ১৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পলাতক ব্যক্তিদের পরিচয় শনাক্ত, ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এমসিএইচ
আরও পড়ুন