গ্যাসের দাবিতে

ত্রিশালে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কের কাকচর রোডের মাথায় সিএনজি চালকরা গাড়ি থামিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সিএনজি চালকদের অভিযোগ, স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। নামমাত্র গ্যাস নেওয়ার পরই তা শেষ হয়ে যাচ্ছে। এক থেকে দুইবার যাত্রী পরিবহন করার পর আবার গ্যাস নিতে স্টেশনে যেতে হচ্ছে। অথচ গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

চালকরা বলেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদের আয় কমে যাচ্ছে এবং সময়ও নষ্ট হচ্ছে। এ কারণে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা সড়কে অবস্থান নেন।

ত্রিশাল থানার এসআই তালেব বলেন, ‘কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আমি ও টি.আই সাইফুল ইসলাম মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছি। বর্তমানে সড়ক পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।’

অবরোধের কারণে অল্প সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এমসিএইচ
আরও পড়ুন