প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের সামরিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে উচ্চতর প্রশিক্ষণ ও কোর্স বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর নিয়ে আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রশংসা করেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

এমসিএইচ
আরও পড়ুন