দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক টি-টোয়েন্টি ক্রিকেটে এক দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন। ফরম্যাটটিতে নিজের ১০ম সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারদের পাশে নাম লিখিয়েছেন তিনি। পঞ্চম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ১০টি সেঞ্চুরি করার এই অনন্য গৌরব অর্জন করলেন এই প্রোটিয়া তারকা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিরুদ্ধে এই মাইলফলক স্পর্শ করেন ডি কক। ম্যাচে ৫৭ বলে ১০৬ রানের এক মারকুটে ইনিংস উপহার দেন তিনি। ১৮৫.৯৬ স্ট্রাইক রেটের ঝড়ো ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি দৃষ্টিনন্দন ছক্কার মার।
ডি কক, কোহলি ও ওয়ার্নার তিনজনই এখন সমান ১০টি করে টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক। এই তালিকায় তাদের ওপরে আছেন মাত্র দুইজন, শীর্ষে ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ২২টি সেঞ্চুরি) এবং দ্বিতীয় স্থানে বাবর আজম (৩৫৯ ম্যাচে ১৩টি সেঞ্চুরি)।
সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের অভিজাত ক্লাবে ঢোকার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন ডি কক। ইতিহাসের নবম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়তে তার প্রয়োজন আর মাত্র ১৩৩ রান।
টি-টোয়েন্টিতে ৪৫৭ ম্যাচের ৪৩৩ ইনিংসে ৩১.৩০ গড়ে এবং ১৩৯.৭৮ স্ট্রাইক রেটে ১২,৮৬৭ রান সংগ্রহ করেছেন ডি কক। রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৮৪টি হাফ-সেঞ্চুরি (সর্বোচ্চ ১৪০*)।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ সংগ্রাহকদের তালিকায় ৯ নম্বরে আছেন ডি কক। এই তালিকার শীর্ষে রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কায়রন পোলার্ড, ৭৫১ ম্যাচে ১৫১.১৭ স্ট্রাইক রেটে যার সংগ্রহ ১৪,৯৩৩ রান।
ক্রিকেটারদের বেতন বাড়ছে আরেক দফা
ভর্তুকি মূল্যে তেল-ডাল কিনছে সরকার