হরমুজে জাহাজ চলাচলে ইরানের বিধিনিষেধ ‘অগ্রহণযোগ্য’: অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের বিধিনিষেধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথটি দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বুধবার ওয়াশিংটন ডিসি থেকে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা হরমুজ প্রণালীকে উন্মুক্ত দেখতে চাই।” তাঁর মতে, জলপথটিতে জাহাজ চলাচল সীমিত করার ইরানের পদক্ষেপ জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (UNCLOS) এবং নৌ চলাচলের স্বাধীনতার নীতির সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।

মার্লেস বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা কমানো প্রয়োজন। একই সঙ্গে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।

তিনি বলেন, ইরান বর্তমানে প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে, যা অস্ট্রেলিয়ার কাছে “অগ্রহণযোগ্য”।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সংঘাতের মধ্যে সেখানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যেখানে আগের ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি।

এদিকে, ইরান হরমুজ দিয়ে চলাচলকারী আরও ১১টি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, এই পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ঐতিহাসিকভাবে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় জলপথটিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: রয়টার্স

এমএজেড
আরও পড়ুন