যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় (Coin) স্থান পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে গত এক শতাব্দীর মধ্যে প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রচলিত মুদ্রায় নিজের প্রতিকৃতি দেখার বিরল ইতিহাস গড়লেন তিনি।
আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার যুক্তরাষ্ট্রের 'ইউএস মিন্ট' (US Mint) ১ ডলারের একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেছে। সোনালী রঙের এই মুদ্রার একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি এবং সাথে ঐতিহ্যবাহী বাণী "IN GOD WE TRUST" (আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি) খোদাই করা রয়েছে। 'ইউএস মিন্ট' জানিয়েছে, ইতিহাস ও জাতীয় ঐতিহ্যকে সম্মান জানাতেই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটে বিক্রির জন্য তোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ২৫টি মুদ্রার রোল এবং ১০০টি মুদ্রার ব্যাগ পুরোটাই বিক্রি হয়ে 'আউট অব স্টক' হয়ে যায়। বাজারে ছাড়ার পরপরই সংগ্রাহকদের মধ্যে এই মুদ্রা নিয়ে তীব্র কৌতূহল দেখা দিয়েছে। ধাতব মুদ্রাটি দেখতে সোনালী হলেও এতে কোনো বাস্তব সোনা নেই; এটি তামাসহ কয়েকটি ধাতুর মিশ্রণে তৈরি।
মার্কিন আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি টাকায় ছাপানো সাধারণভাবে নিষিদ্ধ থাকলেও ১৯২৬ সালে আমেরিকার ১৫০তম বার্ষিকীতে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত আধা-ডলারের মুদ্রা প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ ১০০ বছর পর ট্রাম্পের এই মুদ্রা প্রকাশের মাধ্যমে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের বিচার করার অধিকার নেই: মাদুরোর আইনজীবী
হরমুজ প্রণালিতে নতুন করে মাইন বসানোর দাবি ইরানের