ফোনের কল রেকর্ড বিশ্লেষণ, সন্দেহভাজনের তালিকা বাড়ছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মোবাইল ফোনের কল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে বেশ কিছু অস্বাভাবিক তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আগে মাত্র ১২ ঘণ্টায় দুই আসামির মধ্যে ৩০ বার ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া হত্যাকাণ্ডের আগে সিদ্ধার্থের বাবা ও কাকার বাড়ি বিক্রি করে স্বপরিবারে ভারতের শিলিগুড়িতে চলে যাওয়ার পরিকল্পনার তথ্যও সামনে এসেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, গত ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত ৮০ ঘণ্টার কল রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, হত্যাকাণ্ডের আগের ১২ ঘণ্টায় সিদ্ধার্থ তার দুটি নম্বর থেকে মুগ্ধের একটি নম্বরে ৩০ বার ফোন করেন। প্রতিটি কলের স্থায়িত্ব ছিল মাত্র ১১ থেকে ১৭ সেকেন্ড।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কয়েকটি ফোনকলে একাধিক ব্যক্তি যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। ফলে সন্দেহভাজনের তালিকাও বড় হচ্ছে। হত্যাকাণ্ডের আগে অল্প সময়ের ব্যবধানে ৩০ বার ফোনে যোগাযোগের বিষয়টি তদন্তে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তদন্তে আরও কিছু নতুন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই এবং আগের জবানবন্দির সঙ্গে মিলিয়ে দেখতেই আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, গত দুই দিনে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, ঘটনার আগে ও পরে আসামিদের গতিবিধি এবং তাদের দেওয়া জবানবন্দির সঙ্গে বিভিন্ন আলামতের মিল খুঁজে দেখছে পুলিশ।

সনাতন চক্রবর্তী আরও বলেন, তদন্ত চলমান রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলা নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত