রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনে যেকোনো ভূমিকা রাখতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। প্রয়োজনে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতেও নয়াদিল্লি পিছপা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
ইউক্রেন সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা জানান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের অবসানে ভারতের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দ্বিপক্ষীয় এই বৈঠকে সম্প্রতি কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা এবং সার্বিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বাণিজ্য পথ নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গেও জয়শঙ্করের বৈঠক নির্ধারিত রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং সংঘাতময় অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, জয়শঙ্করের কিয়েভ সফরের ঠিক আগেই কিরগিজস্তানের বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদি জোর দিয়ে বলেন, যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে ক্ষতিগ্রস্ত করে এবং ভারতের চিরন্তন বার্তা হলো শান্তি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে পুতিনের নয়াদিল্লি সফরের কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, ওই সম্মেলনে পুতিন-মোদি বৈঠকে ইউক্রেন সংকট অবসানের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
সংবাদের উৎস: রয়টার্স
মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি
ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার!