সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।
চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (SPLM-N) দক্ষিণ কর্দোফানের কাওদা শহরের ডেবি ও লুওয়েরি এলাকায় হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন এবং বিপুলসংখ্যক বেসামরিক মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন।
এর আগে দক্ষিণ কর্দোফানের কুরদুদ ও আবু হামামা এলাকায় SPLM-N-এর বিরুদ্ধে ২৭ জনকে হত্যার অভিযোগ উঠেছিল। নিহতদের মধ্যে চারটি শিশুও ছিল।
SPLM-N নেতা আবদেল আজিজ আল-হিলুর নেতৃত্বাধীন এই গোষ্ঠী দক্ষিণ কর্দোফান ও ব্লু নাইল অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয়। বর্তমানে গোষ্ঠীটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর সঙ্গে জোটবদ্ধ।
সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান গৃহযুদ্ধে নতুন করে দক্ষিণ কর্দোফানেও সহিংসতা ছড়িয়ে পড়ায় বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা