চট্টগ্রাম নগরের আমবাগান রেলওয়ে কলোনি এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানা-পুলিশ জানায়, মৌসুমী বাসায় একাই থাকতেন। সকালে প্রতিবেশীরা তার বাসার দরজা খোলা দেখতে পান। পরে শয়নকক্ষে বিছানার ওপর উপুড় অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ঠিক কী কারণে ও কীভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিজ বাসায় মৌসুমী হিজড়া খুন হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণ, গৃহবধূ আহত
সেলাই মেশিনে স্বপ্ন বুনছেন বান্দরবানের ৪০ নারী